
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স তিনটি শর্ত সাপেক্ষে পুনর্বহাল করেছে সরকার। এর ফলে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়ার প্রায় দেড় মাস পর হাসপাতালটি আবারও সেবা কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে বিষয়টি পুনরায় পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনে সন্তোষজনক অগ্রগতি উঠে আসায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতির সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান কঠোরভাবে মেনে চলতে হবে। দ্বিতীয়ত, লাইসেন্স অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।